ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

মিরপুরে বিক্ষোভকারীদের হামলায় মাটিতে লুটিয়ে পড়লেন পুলিশ সদস্য

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 3, 2026 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
নিজস্ব সংবাদদাতা :
রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষের সময় এক পুলিশ সদস্যকে ঘিরে ধরে মাটিতে ফেলে মারধর করেছেন বিক্ষোভকারীরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে মিরপুর-১১ মেট্রোরেল স্টেশন থেকে প্রায় ২০০ মিটার দূরে কালশী সড়কে একটি বেসরকারি সুপারশপের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ধাওয়া দিলে কয়েকজন সদস্য মিরপুর-১২-এর বি ব্লকের ৪/২ নম্বর সড়কে প্রবেশ করেন। এ সময় তারা বিক্ষোভকারীদের মধ্যে আটকা পড়েন। একপর্যায়ে চারদিক থেকে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

পরিস্থিতি বেগতিক দেখে কয়েকজন পুলিশ সদস্য আশপাশের বাসা ও দোকানে আশ্রয় নেন। তবে একজন সদস্য নিরাপদ স্থানে যেতে না পেরে বিক্ষোভকারীদের ঘেরাওয়ের শিকার হন। পরে তাকে মাটিতে ফেলে মারধর করা হয়।

এক প্রত্যক্ষদর্শী নারী নিজের বাসার বারান্দা থেকে পুরো ঘটনার ভিডিও ধারণ করেন। পরিচয় প্রকাশ না করার শর্তে তিনি জানান, পুলিশের ধাওয়ার পর কয়েকজন সদস্য বিক্ষোভকারীদের মধ্যে আটকা পড়েছিলেন। পরে তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়।

ঘটনাস্থলের একটি সুপারশপের কর্মী জানান, হঠাৎ কয়েকজন ব্যক্তি এক পুলিশ সদস্যকে মাটিতে ফেলে মারধর শুরু করেন। নিরাপত্তার কারণে তারা দোকানের শাটার বন্ধ করে দোতলায় চলে যান। এরপর কী ঘটেছে, তা তারা জানতে পারেননি।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পিওএম দক্ষিণ বিভাগের উপপুলিশ কমিশনার তৌহিদুল আরিফ। তিনি বলেন, একটি পক্ষ মিরপুর-১১ নম্বর সড়কে ব্যারিকেড দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করেছে। পুলিশ কঠোর অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। প্রয়োজন হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, আন্দোলনকারীদের ছোড়া ইট-পাটকেলে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়ে থাকতে পারেন। তবে আহত ও গ্রেপ্তারের সুনির্দিষ্ট সংখ্যা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

পুলিশের এ কর্মকর্তা দাবি করেন, বর্তমানে সড়কের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিভিন্ন অলিগলিতে পুলিশ টহল দিচ্ছে। আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিরা প্রকৃত পোশাকশ্রমিক কি না, কিংবা এর পেছনে অন্য কোনো পক্ষের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

সকালে একই এলাকায় আরেক পুলিশ সদস্যকে লাঠি দিয়ে মারধরের একটি ভিডিও পুলিশের নজরে এসেছে বলেও জানান তিনি। এসব ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।

তবে আন্দোলনকারীদের পরিচয় ও ঘটনার পেছনে কোনো পক্ষের ইন্ধন রয়েছে কি না, সে বিষয়ে তদন্ত শেষ হওয়ার আগে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।